আন্তর্জাতিক ডেস্ক:
সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে এর মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান নতুন যুদ্ধবিরতি প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে জানিয়েছে অ্যাক্সিওস।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফ ও আরাঘচির নেতৃত্বে এই আলোচনা চলতি সপ্তাহে হওয়া ১৪ দফা অন্তর্বর্তী চুক্তিকে দীর্ঘমেয়াদি আঞ্চলিক সমঝোতায় রূপ দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এর মূল লক্ষ্য ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান ঘটানো।
অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, উইটকফ সুইজারল্যান্ডে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যোগ দেবেন। কুশনার এরই মধ্যে সেখানে অবস্থান করছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও শনিবার সুইজারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।
তবে উইটকফের সফর নিয়ে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। একইভাবে আরাঘচির সফরের বিষয়টিও ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এর আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করেন। যদিও দুই পক্ষের মধ্যে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনার প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছিল।
বিশ্লেষকদের মতে, লেবানন পরিস্থিতি এই আলোচনার ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে।
