নিজ সংবাদ:
নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ৫০১ নম্বর কক্ষ প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানিয়েছেন, ৫০১ নম্বর কক্ষকে তিনি আর কোনো বিতর্কের বিষয় হিসেবে নয়, বরং ‘বিজয়ের প্রতীক’ হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে এটি উদযাপন করার কথাও জানিয়েছেন।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ২০২১ সালের ৩ এপ্রিলের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তার দাবি, ওই ঘটনাকে ব্যবহার করে তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল।
মামুনুল হক বলেন, সেদিন তিনি তার স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তার ভাষ্য, ওই সময় পুলিশ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও কিছু লোক সেখানে উপস্থিত হয়ে তাকে ও তার স্ত্রীকে হয়রানি করেন।
তিনি দাবি করেন, রিসোর্টের কক্ষের দরজা খোলার পর অনেকেই ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু করে। তার অভিযোগ, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে পুরো ঘটনাকে প্রকাশ্যে আনা হয়েছিল।
জান্নাত আরার সঙ্গে বিয়ে প্রসঙ্গে মামুনুল হক জানান, তিনি ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে সামাজিক ও পারিবারিক জটিলতার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, একাধিক বিয়ের ক্ষেত্রে পারিবারিক অস্থিরতা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি আরও দাবি করেন, রিসোর্টে অবস্থানের সময় তিনি এবং জান্নাত আরা নিজেদের বৈবাহিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট করেছিলেন। তবে পরে বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মামুনুল হক আরও অভিযোগ করেন, ঘটনার পর তাকে বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করা হয়েছিল এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। তবে তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি বলে দাবি করেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ বা ‘মুতা বিয়ে’র যে অভিযোগ প্রচার করা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, জান্নাত আরার সঙ্গে তার সম্পর্ক ছিল বৈধ ইসলামি বিয়ে।
পোস্টে তিনি আরও দাবি করেন, রাজনৈতিক ও আদর্শগত বিরোধের কারণে তার চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। তিনি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উদাহরণ টেনে বলেন, অপপ্রচার দিয়ে সত্যকে দীর্ঘদিন আড়াল করা যায় না।
সবশেষে ৫০১ নম্বর কক্ষ প্রসঙ্গে মামুনুল হক বলেন, এটি তার কাছে অপমানের প্রতীক নয়; বরং তার ভাষায় এটি ‘ফ্যাসিবাদী শক্তির পরাজয়ের দলিল’। তিনি জানান, ভবিষ্যতে ৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক হিসেবে তুলে ধরা হবে।
