নিজ সংবাদ:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি আরও বলেন, বিএনপি নেতা তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। জামায়াত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।” মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। উভয় দেশের স্বার্থ ও মর্যাদা বজায় রেখে বিভিন্ন চুক্তি সম্পন্ন হবে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার চালুর বিষয়েও আলোচনা হবে।
এর আগে স্থানীয়দের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই সময়ের মধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠেরপুলের জায়গায় সেতু নির্মাণ করা হবে। পরে তিনি স্থানীয় কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন এবং মুন্সীগঞ্জ সার্কিট হাউজে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
