নিজ সংবাদ:
প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই সফরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে তার দালিয়ান থেকে বেইজিং যাত্রা। আকাশপথ নয়, বিশেষ ব্যবস্থায় হাই স্পিড ট্রেনে চীনের রাজধানী বেইজিং যাবেন তিনি।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকালে প্রধানমন্ত্রী চীনের উপকূলীয় বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা দেবেন। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার পর ২৪ জুন দুপুরে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দালিয়ান থেকে বেইজিং যেতে সাধারণত হাই স্পিড ট্রেনে সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগে। যেখানে বিমানে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। দালিয়ান থেকে ফ্লাইটের সুবিধা থাকলেও বিশেষ ব্যবস্থায় রেলপথেই প্রধানমন্ত্রীর যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীন সফরে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, সবুজ অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে রেল, সেতু, বিদ্যুৎ ও শিল্পায়ন খাতে বিনিয়োগ নিয়ে বৈঠক করার কথা রয়েছে। ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল সইয়ের সম্ভাবনাও রয়েছে।
সফরসংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, যোগাযোগ, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন বার্তা দেবে।
