পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম

পেট্রোলে ৭৪ রুপি ছাড়

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

দেশের সাধারণ মানুষের স্বস্তির জন্য জ্বালানি তেলের দাম বড় আকারে কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৬৭ রুপি পর্যন্ত কমানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল এখন বিক্রি হবে ২৯৯ রুপিতে। এর আগে এর দাম ছিল ৩৭৩ রুপি। একইভাবে ডিজেলের দাম ৩৭৮ রুপি থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩১১ রুপি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জ্বালানির মূল্য কমানোর মাধ্যমে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, সংকটকালীন সময়ে সরকার কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। উন্নয়ন বাজেট থেকে প্রায় ১২৯ বিলিয়ন রুপি সাশ্রয় করে তা জ্বালানি খাতে সহায়তা হিসেবে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। কোথাও তেলের সংকট বা ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

পাকিস্তান সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এর আগে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পাকিস্তানে কয়েক দফায় তেলের দাম বাড়ানো হয়েছিল। ফলে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। বর্তমান পরিস্থিতিতে সরকার বড় ধরনের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে।