নিজ সংবাদ:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ জুন এক দিনের সফরে মালয়েশিয়া যাবেন তিনি। এরপর চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। দুই দেশ মিলিয়ে মোট ছয় দিনের সফরে থাকবেন তিনি।
পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানিয়েছেন, সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ২৭ জন এবং চীন সফরে থাকবেন ২৮ জন সফরসঙ্গী। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকেলে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফরের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে ২২ জুন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে রওনা হবেন। ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চীনে অবস্থান করার কথা রয়েছে তার। এরপর সফর শেষে দেশে ফিরবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সফরে গুরুত্ব পাবে। সফরসংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়া সফরে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসী কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। একই সঙ্গে চীন সফরেও বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
