বিনোদন ডেস্ক:
বলিউড নির্মাতা ইমতিয়াজ আলির নতুন চলচ্চিত্র ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। চলচ্চিত্রটি নিয়ে কেউ কেউ ‘দেশবিরোধী’ বলেও মন্তব্য করছেন।
সম্প্রতি এক নেটিজেন সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, ‘এই সিনেমায় পাকিস্তানকে কোনো জঙ্গি বা গোপন এজেন্ট ছাড়াই দেখানোর সাহস করা হয়েছে?’ ওই পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হাসির ইমোজি দেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। তার এই প্রতিক্রিয়া দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন আলোচনার সৃষ্টি করে।
অনেক দর্শকের ধারণা ছিল, সিনেমাটিতে পাকিস্তানকে ঘিরে কোনো সংঘাত বা প্রতিশোধের গল্প তুলে ধরা হবে। তবে পুরো চলচ্চিত্রে তেমন কোনো বিষয় না থাকায় দর্শকদের একটি অংশ বিস্ময় প্রকাশ করেছে।
এ আর রহমানের প্রতিক্রিয়ার পর এক নেটিজেন মন্তব্য করেন, ‘কোনো সিনেমায় যদি পাকিস্তানকে শত্রু হিসেবে না দেখানো হয় এবং মুসলমানদের নিয়ে নেতিবাচক কিছু না বলা হয়, তাহলে সেটিকে দেশপ্রেমমূলক সিনেমা বলা হবে কীভাবে?’
দেশভাগের বেদনা ও মানবিক সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ চলচ্চিত্রে প্রেমের আভাসও রয়েছে। এতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও শর্বরী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে বেদাঙ্গকে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে প্রায় ১ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে বলে জানা গেছে।
