ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির শর্তভঙ্গ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারকে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের আহ্বান থাকলেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত বা নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA) এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)-এর তথ্যের বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে লেবাননের গণমাধ্যম এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়, নাবাতিহ, কাফার জুজ, কাফার রেমান ও জেবদিনসহ বিভিন্ন এলাকায় প্রথমে ভারী গোলাবর্ষণ চালানো হয়। পরে যুদ্ধবিমান থেকে কাফার তিবনিত ও রায়হান পাহাড় এলাকায় একাধিক বিমান হামলা করা হয়।

হামলায় নাবাতিহ ও হারুফ এলাকায় অন্তত আটজন নিহত হন। এছাড়া আল-শারকিয়া ও দুয়ের মধ্যবর্তী একটি আবাসিক বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন প্রাণ হারান। কাফার সির এলাকায় আরেক হামলায় নিহত হন তিনজন।

এদিকে দুয়ের পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।