নিজ সংবাদ:
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। এ কারণে দেশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন ও মিছিলের চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এসব কর্মসূচিতে বাধা দিলে কিছু নেতাকর্মী পুলিশের ওপর হামলা বা চড়াও হওয়ার চেষ্টা করতে পারেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। একই দিনে গণভবনসংলগ্ন এলাকায় বাংলাদেশ যুবলীগ-এর নেতাকর্মীরাও একটি ঝটিকা মিছিল বের করেন।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে— এমন যেকোনো কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে দেশজুড়ে পুলিশের টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
