হাইতির বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপ মিশনটা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল শক্তিশালী মরক্কো-এর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে দলের অন্যতম ভরসা নেইমার-কে দ্রুত মাঠে ফেরানোর আশা থাকলেও সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

পায়ের মাংসপেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। ফলে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও তাকে পাচ্ছে না সেলেসাওরা। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, পুনর্বাসনের শেষ ধাপে থাকা নেইমার আপাতত নিউ জার্সিতেই থাকবেন এবং সেখানে চিকিৎসা ও ফিটনেস পুনরুদ্ধারের কার্যক্রম চালিয়ে যাবেন।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি দ্য রিজ হোটেল ও কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের সুবিধা ব্যবহার করে সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে থেকেই এই ম্যাচে নেইমারের অনুপস্থিতির শঙ্কা ছিল। ফেডারেশনের সর্বশেষ ঘোষণায় তা নিশ্চিত হয়েছে। শুধু হাইতির বিপক্ষেই নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের সর্বোচ্চ ৭৯ গোলদাতাকে পাওয়া অনিশ্চিত। তবে নকআউট পর্বে তাকে ফের মাঠে দেখা যেতে পারে বলে আশা করছে ব্রাজিল শিবির।