মানিক মিয়া অ্যাভিনিউ হবে আরও সবুজ ও পরিচ্ছন্ন: ডেপুটি স্পিকার

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব এলাকায় পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকাটিকে রাজধানীর একটি আদর্শ ও সবুজ জনপরিসরে রূপান্তর করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগমস্থল হিসেবে প্রতিদিন এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী, পথচারী, সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াপ্রেমী মানুষের আগমন ঘটে। তাই এ এলাকার পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত গণশৌচাগারের অভাব থাকায় দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছেন। এ সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ গণশৌচাগারগুলোকে সবসময় ব্যবহার উপযোগী রাখার ব্যবস্থা নেওয়া হবে।

কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন। এর আশপাশে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ষা মৌসুমে অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।

তিনি সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও অন্যান্য কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ জোরদার করার নির্দেশনা দেন।

ডেপুটি স্পিকার আরও জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনসংলগ্ন এলাকায় অধিকসংখ্যক বৃক্ষ, ফুল ও সৌন্দর্যবর্ধক গাছপালা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরও মনোরম ও ছায়াময় পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।