নিজ সংবাদ:
চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে মার্চ মাসে, যখন প্রবাসীরা দেশে পাঠান ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন প্রণোদনা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
