বিশ্ববাজারে তেলের দাম কমছে; দেশে কমবে কবে ?

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম গত এক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। মে মাসে ব্যারেলপ্রতি প্রায় ১৮ ডলার কমার পর ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার ফলে দাম আরও নেমে বর্তমানে ব্যারেলপ্রতি প্রায় ৭৯ ডলারে এসেছে। ফলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সরকার এর আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সময় আশ্বাস দিয়েছিল, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও দ্রুত সমন্বয় করা হবে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারে দ্রুত বাড়ানো হলেও পরবর্তীতে একই হারে কমানো হয় না।

চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্য সংকটের সময় তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে উঠলে দেশে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম ৪১ ডলার কমলেও দেশের বাজারে এখনও সেই উচ্চমূল্য বহাল রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তা সমন্বয় করা হবে। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম মনে করেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখনই মূল্য সমন্বয় করা সম্ভব। তবে এর জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। ফলে ভোক্তারা এখন অপেক্ষায় রয়েছেন, বিশ্ববাজারের মূল্যহ্রাসের সুবিধা দেশের বাজারে কবে প্রতিফলিত হয়।