সমঝোতায় ইরানের জন্য অর্থনৈতিক স্বস্তি

নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা স্মারকের ফলে তেহরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক সুবিধার পথ খুলতে যাচ্ছে। সমঝোতার আওতায় ইরানের তেল রফতানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ ব্যবহারের সুযোগ এবং ভবিষ্যতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।

বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের কাছে সমঝোতার বিস্তারিত তুলে ধরেন। পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই ধরনের তথ্য প্রকাশ করে। চুক্তিতে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা, মার্কিন নৌঅবরোধ প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ৬০ দিনের আলোচনা চালানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কারণে অবরুদ্ধ থাকা ইরানের সম্পদ ও তহবিল ব্যবহারের সুযোগ দেওয়া হবে। বিভিন্ন দেশে আটকে থাকা প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ধাপে ধাপে ছাড়ের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তেল, ব্যাংকিং, পরিবহন ও বীমা খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করারও পরিকল্পনা রয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইতিবাচক অগ্রগতি অব্যাহত থাকলে ইরান আরও অর্থনৈতিক সুবিধা পেতে পারে। তবে মানবাধিকার, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। এ ছাড়া ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় ৩০০ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। তবে এ তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো অর্থ দেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।