নিজ সংবাদ:
জাতীয় সংসদে বাজেট আলোচনাকে কেন্দ্র করে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন ও পর্দা নিয়ে দেওয়া এক সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জনগণের সমস্যা তুলে ধরার জায়গায় সংসদে এসব ব্যক্তিগত সুবিধার দাবি সংসদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।
বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পার্থ বলেন, দীর্ঘ সংগ্রামের পর গঠিত বর্তমান সংসদে স্বৈরাচারের কোনো প্রতিনিধিত্ব নেই। তাই সংসদের মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব সকল সদস্যের।
তিনি বলেন, সম্প্রতি এক সংসদ সদস্যের ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও পর্দার দাবি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, যা তাকে বিব্রত করেছে। তার ভাষায়, একজন সংসদ সদস্যের উচিত জনগণের সমস্যা ও দাবি নিয়ে কথা বলা, ব্যক্তিগত গৃহস্থালি সামগ্রী নিয়ে নয়।
১১ দলীয় জোটের সংসদ সদস্যদের গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, যারা বড় সুবিধা প্রত্যাখ্যান করেছেন, তাদের পক্ষ থেকে পরে মাইক্রোওয়েভ বা ওয়াশিং মেশিনের দাবি তোলা বিস্ময়কর।
হালকা রসিকতার সুরে তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের যদি সত্যিই মাইক্রোওয়েভ প্রয়োজন হয়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ উপহার দিতে প্রস্তুত। একই সঙ্গে ওয়াশিং মেশিন ও পর্দার ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং দরজা-জানালায় পর্দা দেওয়ার দাবি জানান।
