নিজ সংবাদ:
খুলনায় গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র।
বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা নরসিংদী থেকে এসে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নির্যাতনের শিকার ২২ বছর বয়সী গৃহকর্মীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার সঞ্জয় মিত্রকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে অসুস্থ হয়ে পড়ায় পপি মিত্রকে প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় ঘটে। স্থানীয়দের অভিযোগ, গৃহকর্ত্রীর অসতর্কতায় তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর নির্যাতন চালানো হয়। তাকে মারধরের পাশাপাশি মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। কান ধরে ওঠবস করানোর অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, ওই গৃহকর্মীর ওপর দীর্ঘদিন ধরেই নির্যাতন চালানো হচ্ছিল। তার শরীরে পুরোনো আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে গৃহকর্মীকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে অভিযুক্ত দম্পতিকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
