কানসাস সিটিতে আর্জেন্টিনা সমর্থকদের উৎসব

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে লিওনেল মেসির হ্যাটট্রিকে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

৭৬ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি ছিল আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর। ম্যাচ শুরুর অনেক আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকেরা স্টেডিয়ামে ভিড় জমান। স্টেডিয়ামের বাইরে ও শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করেন হাজারো ফুটবলপ্রেমী।

খেলার শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি নিজের অভিজ্ঞতা ও অসাধারণ দক্ষতায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। তার তিনটি দৃষ্টিনন্দন গোলের সামনে অসহায় হয়ে পড়ে আলজেরিয়ার রক্ষণভাগ। হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী রুপেন দেবসহ অনেক সমর্থক প্রিয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। রুপেন জানান, স্কুলজীবন থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির খেলা সরাসরি দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি।

ম্যানেজার লিওনেল স্কালোনি-এর অধীনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আর নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন। এই জয়ে গ্রুপ পর্বে আত্মবিশ্বাসী অবস্থানে চলে গেল আলবিসেলেস্তেরা।