ক্রীড়া ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, জন্ম দেয় অসংখ্য মানবিক ও আবেগঘন গল্পেরও। এবারের আসরে তেমনই এক অনুপ্রেরণার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে গোলশূন্য ড্র এনে দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন বিশ্বজুড়ে। তবে ব্যক্তিগত জীবনের এক অপূর্ণতা তাকে কষ্ট দিচ্ছিল—গ্যালারিতে বসে তার খেলা দেখার জন্য পাশে ছিলেন না তার মা।
ম্যাচ শেষে ভোজিনহা জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা-সংক্রান্ত ব্যয় বহন করতে না পারায় তার মা আনা কান্দিদা এভোরা মাঠে উপস্থিত থাকতে পারেননি। তার এই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
পরে বিষয়টি মার্কিন রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দেয়। মার্কিন কংগ্রেস নেতা হাকিম জেফরিস মানবিক বিবেচনায় ভিসা দেওয়ার জন্য আবেদন জানান। সেই উদ্যোগের পর ভোজিনহার মা যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুন উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের ম্যাচের আগে মায়ামিতে মা-ছেলের বহু প্রতীক্ষিত পুনর্মিলন ঘটবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্র দপ্তর, কেপ ভার্দে সরকার ও ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন জেফরিস।
স্পেনের বিপক্ষে অসাধারণ সব সেভ করে ম্যাচসেরা হয়ে ওঠা ভোজিনহা এবার গ্যালারিতে মায়ের উপস্থিতি থেকে বাড়তি অনুপ্রেরণা পাবেন। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি নতুন কোনো ইতিহাস গড়তে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।
