জামায়াত-শিবিরকে পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে: নয়ন

মুখে লাগাম না টানলে সুই-সুতার সেলাই

বুধবার, জুন ২৪, ২০২৬

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। বুধবার (১৭ জুন) বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধ রয়েছে। তিনি দাবি করেন, দেশের প্রয়োজনে যুবদল অতীতের মতোই রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। অতীতে দেশের মানুষ শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে। জামায়াত-শিবির যদি সংলগ্ন আচরণ না করে, তাহলে তাদের মুখ এদেশের জনগণ সুই-সুতা দিয়ে সেলাই করে পাকিস্তান পাঠিয়ে দেবে।

যুবদলের সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য বা কটূক্তি করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, রাজনৈতিক শালীনতা বজায় রেখে সবাইকে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় সাংগঠনিকভাবে এর জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত। তাই বিভেদ ও উত্তেজনা সৃষ্টির পরিবর্তে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক। এছাড়া বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতারা।