ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক প্রকাশে কূটনৈতিক সতর্কতা

সংবেদনশীল বিষয় রয়েছে: জেডি ভ্যান্স

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ অনুলিপি এখনই প্রকাশ না করার পেছনে কূটনৈতিক সংবেদনশীলতার বিষয় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ভাষ্য অনুযায়ী, চুক্তির বিষয়বস্তু প্রকাশের ক্ষেত্রে সময় ও প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৬ জুন) এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয় এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এ কারণে নথিটি প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি জানান, শুধু ইরান নয়, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত কয়েকটি দেশও ধাপে ধাপে তথ্য প্রকাশের পক্ষে মত দিয়েছে। বিশেষ করে পাকিস্তান ও কাতার সংযত অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে গোপনীয়তার পেছনের সব কারণ সম্পর্কে তিনি অবগত নন বলেও মন্তব্য করেন ভ্যান্স। তার মতে, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের কিছু সংবেদনশীল বাস্তবতা রয়েছে, যেগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ওয়াশিংটন। এদিকে, সমঝোতা স্মারকের সম্ভাব্য শর্ত ও বিভিন্ন ধারা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা-কল্পনা থাকলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষই নথিটির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি।

জানা গেছে, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, চুক্তির বিস্তারিত বিষয়বস্তু শিগগিরই জনসমক্ষে আনা হবে।

অন্যদিকে, কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তিটি পর্যালোচনার জন্য ইসরাইল যে অনুরোধ জানিয়েছিল, তা যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি। ফলে সমঝোতার চূড়ান্ত বিষয়বস্তু সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা নেই তেল আবিবের।