মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার, জুন ১৭, ২০২৬

নিজ সংবাদ:

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার এবং সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি জানান, ভারতের সঙ্গে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা, আইস, ফেন্সিডিলসহ সব ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ঠেকাতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সীমান্ত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্গম ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় নতুন সীমান্ত চৌকি ও পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে এবং আরও নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে চৌকিগুলোর মধ্যবর্তী দূরত্ব কমেছে এবং সীমান্ত টহলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের অতি সংবেদনশীল এলাকায় ইতোমধ্যে আধুনিক সীমান্ত নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পার্বত্য সীমান্ত অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে, যা সীমান্ত অপরাধ দমনে বিজিবির সক্ষমতা বাড়িয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী জনগণকে চোরাচালান ও বিভিন্ন অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।