বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে চায়না হারবার

মেগাসিটি হবে নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

নিজ সংবাদ:

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তুলতে একাধিক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে China Harbour Engineering Company। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নগর উন্নয়ন, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতের বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নেতৃত্ব দেন।

সভায় সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প, যা পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া এক হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে। নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু, বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বৃহৎ পানি সরবরাহ প্রকল্প এবং নগরীর দুই পাড়ের মধ্যে সংযোগ জোরদারে আধুনিক সেতু নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে।

চায়না হারবারের প্রতিনিধিরা নারায়ণগঞ্জের জন্য প্রণীত উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে জানান, এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি সম্ভাব্য অর্থায়ন ও বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সহযোগিতা করতে আগ্রহী। তাদের আশা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।