চীন সফরে সবুজ জ্বালানি, ইভি ও বিনিয়োগে জোর দেবে বাংলাদেশ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আসন্ন চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যান (ইভি) উৎপাদন, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পেতে যাচ্ছে। সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগামী ২২ জুন মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ২৩ জুন দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে পরদিন বেইজিং যাবেন তিনি। সফরে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবে।

সফরের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। এ প্রকল্পে উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন চুক্তির প্রস্তুতি চলছে।

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যান উৎপাদনে চীনের বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর চায়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, সম্ভাব্য সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দুই দেশ যৌথভাবে সবুজ জ্বালানি ও ইভি প্রযুক্তি নিয়ে গবেষণা করবে এবং এ খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

সফরে নীলফামারীতে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপন, মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন, তিস্তা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতুসহ বেশ কয়েকটি বৃহৎ অবকাঠামো প্রকল্পে চীনা অর্থায়নের বিষয়েও আলোচনা হতে পারে।

এছাড়া দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি, মুদ্রা অদল-বদল ব্যবস্থা, বিনিয়োগ চুক্তি আধুনিকায়ন এবং বাংলাদেশে একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। সরকারের আশা, এই সফর বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।