নিজ সংবাদ:
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ও সংবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়; এখানে নির্ধারিত নিয়ম ও সময় মেনেই বক্তব্য দিতে হবে।
মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডার নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
অধিবেশনের শুরুতে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন। পরে এ বিষয়ে স্পিকার বলেন, সংসদ কার্যপ্রণালী বিধি ও সংবিধানের আলোকে পরিচালিত হয় এবং ৩৫০ জন সদস্যের সবারই সমান অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগ করতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডার উত্থাপনের সুযোগ থাকে। বাজেট অধিবেশনে সাধারণত এ ধরনের বিষয় কম গ্রহণ করা হয়, কারণ তখন গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা চলে।
স্পিকার বলেন, যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে বিধি অনুযায়ী আগাম নোটিশ দিতে হয়।
মুজিবুর রহমানের উত্থাপিত একটি প্রসঙ্গের উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় শিষ্টাচারের বিষয়েও নির্ধারিত নিয়ম রয়েছে। অন্যদিকে নুরুল আমীনের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, পৌর কর্মচারীদের বেতন-ভাতার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলতে হলে যথাযথ নোটিশ দেওয়া প্রয়োজন। তাহলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হয়।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার আরও বলেন, পয়েন্ট অব অর্ডার অবশ্যই চলমান কার্যসূচির সঙ্গে সম্পর্কিত হতে হবে এবং সংসদীয় রীতিনীতি বজায় রাখা সবার দায়িত্ব। ভবিষ্যতে সবাইকে কার্যপ্রণালী বিধি অনুসরণ করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।
