সুইফট–কেলসির বিয়ে নিয়ে জল্পনা

তারিখ জানালেন নিউইয়র্কের মেয়র

বুধবার, জুন ২৪, ২০২৬

বিনোদন ডেস্ক:

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও ক্রীড়া তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে মন্তব্য করে বসেছেন, আগামী ৪ জুলাই বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি।

ফিফা বিশ্বকাপের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, একই সময়ে এনবিএর খেলা, স্বাধীনতা দিবসের উদযাপন এবং টেইলর সুইফটের বিয়ের মতো বড় আয়োজন রয়েছে। তার এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

পরে সাংবাদিকরা জানতে চাইলে মেয়র বলেন, তিনি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি এবং সেখানে যাওয়ারও পরিকল্পনা নেই। তবে তিনি নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন। যদিও এখনো টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি বিয়ের দিন-তারিখ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনুষ্ঠানে এড শিরান, সেলেনা গোমেজ, জিজি হাদিদ ও কার্লি ক্লসসহ বেশ কয়েকজন খ্যাতিমান তারকা উপস্থিত থাকতে পারেন। বিয়ের সম্ভাব্য স্থান হিসেবে আলোচনায় রয়েছে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হয়ে তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে বাগদানের মাধ্যমে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়। এখন ভক্তদের অপেক্ষা কেবল আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার।