দিল্লি বিমানবন্দরে হয়রানির প্রতিবাদে সফর বাতিল

দেশে ফিরলেন জাহেদ উর রহমান

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে রাখা ও হয়রানির অভিযোগ তুলে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে সফরে গিয়ে এমন আচরণের মুখোমুখি হওয়ায় প্রতিবাদস্বরূপ তিনি ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন।

জাহেদ উর রহমান বলেন, বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় তাকে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান নেওয়া হয় এবং পরে জানা যায় তার নাম ‘ওয়াচলিস্টে’ ছিল। যদিও পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়, তবুও তিনি তা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, “এটি ব্যক্তিগত সফর ছিল না, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। তাই সরকারের মর্যাদা ও অবস্থানের বিষয়টি বিবেচনা করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।” তবে এই ঘটনার কারণে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হোক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে যথাযথ আমন্ত্রণ পেলে আবারও ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন তিনি।

ঘটনার জেরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।