পুতিনকে আলোচনার প্রস্তাব দিয়েও সাড়া মেলেনি: জেলেনস্কি

বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে জি-৭ শীর্ষ সম্মেলনে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ধরনের আলোচনায় আগ্রহ দেখাননি বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) কিয়েভে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত একটি ঐতিহাসিক স্থাপনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ইউক্রেন প্রস্তুত ছিল। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে এই বৈঠক যুদ্ধ বন্ধের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারত।

জেলেনস্কির দাবি, ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রও এ প্রস্তাবের প্রতি ইতিবাচক ছিল। এমনকি রুশ প্রতিনিধিদের কাছেও আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু মস্কোর পক্ষ থেকে কোনো স্পষ্ট সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, রাশিয়ার এই অবস্থান আবারও প্রমাণ করে যে তারা এখনো অর্থবহ আলোচনার জন্য প্রস্তুত নয়। এর আগে চলতি মাসে পুতিনকে লেখা এক খোলা চিঠিতেও মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি।

তবে পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এমন বৈঠকের যৌক্তিকতা তিনি দেখেন না। একই সঙ্গে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার অর্থনীতির জন্য বড় কোনো হুমকি নয় বলেও মন্তব্য করেন তিনি।