ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে স্পেন। তবে দলের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল শুরু থেকেই খেলছেন না। চোট কাটিয়ে দলে ফিরলেও তাকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট পান ইয়ামাল। এরপর দীর্ঘ সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। চোটের কারণে মেক্সিকোর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
রবিবার (১৪ জুন) আটলান্টায় সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানান, ইয়ামাল এখন অনেকটাই সুস্থ এবং ম্যাচের কিছু সময় খেলতে পারবেন। তবে পূর্ণ ৯০ মিনিট খেলার মতো শারীরিক অবস্থায় তিনি এখনও পৌঁছাননি। চিকিৎসক দলও তাকে সীমিত সময় মাঠে নামানোর অনুমতি দিয়েছে।
মাত্র অল্প বয়সেই ইউরোপীয় ফুটবলে আলোড়ন তোলা ইয়ামাল গত মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন তিনি। স্পেন জাতীয় দলের জার্সিতেও ২৫ ম্যাচে করেছেন ৬ গোল।
তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও ইয়ামালের দিকে থাকছে সমর্থকদের বিশেষ নজর।
