দেশের বর্তমান পরিস্থিতি সংকটময়: জি এম কাদের

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

দেশের বর্তমান পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের সংকটের গভীরতা এখনও পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি। তাই প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় পার্টির প্রতিক্রিয়া তুলে ধরে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, প্রস্তাবিত বাজেট মূলত জনতুষ্টিমূলক। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিপুল ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে, তা স্পষ্ট নয়। তিনি দাবি করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নির্ধারিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান নিত্যপণ্যের আমদানি শুল্কে ছাড় ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও দেশের ব্যবসা-বাণিজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, কারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে এবং রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে আরও চাপে ফেলছে।

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক মতের মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।