অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন ও অ্যানা পিটারসন উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মারজিয়া আক্তার ও মারদিয়া মমতাজ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

জামায়াত সূত্রে জানা গেছে, বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর গণতন্ত্রকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার উপায় এবং সরকার-বিরোধী দলের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার গুরুত্বের ওপরও জোর দেন।

এছাড়া ঘোষিত জাতীয় বাজেট ও বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়ে মতবিনিময় করা হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।