পাবনায় ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা আটক

দল থেকে স্থায়ী বহিষ্কার

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

পাবনার আতাইকুলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম (কাশেম শেখ)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ঘটনার পর তাকে দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে রোববার রাতভর অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শাহজাদপুর থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন আবুল কাশেম। এ ঘটনায় শিক্ষার্থীর মা ১২ জুন আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রোববার বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কাশেমকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।