বর্ণবাদী আচরণের অভিযোগ নাহিদ ইসলামের

সংসদে মন্তব্য ঘিরে উত্তেজনা

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার স্ত্রী এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘অমার্জনীয়’ ও ‘বর্ণবাদী আচরণ’ বলে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলামের বক্তব্যের পর সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে বিষয়টি সামনে আসে।

নাহিদ ইসলাম বলেন, সংসদে ইতিহাস ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে বিতর্ক হতে পারে, তবে ব্যক্তিগত জীবন, পারিবারিক বিষয় কিংবা নারীদের পোশাক নিয়ে মন্তব্য করা সাংবিধানিক অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য সংসদীয় শালীনতার পরিপন্থী।

বিতর্কের জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি রুলিং দিয়ে বলেন, কোনো সংসদ সদস্য অন্যের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করতে পারবেন না এবং সবাইকে সংসদের মর্যাদা বজায় রাখতে হবে।

পরে মনিরুল হক চৌধুরীকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়ার দাবি উঠলেও স্পিকার জানান, প্রয়োজন হলে যথাসময়ে সে সুযোগ দেওয়া হবে। এরপর তিনি সদস্যদের মূল বাজেট আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।