এবার অস্ট্রেলিয়ায় বনলতা সেন

৫ শহরে মুক্তির প্রস্তুতি

বুধবার, জুন ২৪, ২০২৬

বিনোদন ডেস্ক:

কবি জীবনানন্দ দাশের জীবন ও তাঁর কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে প্রশংসা কুড়ানোর পর ছবিটি অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করছে।

চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, মুক্তির তিন সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়ায় ছবিটি প্রদর্শনের ঘোষণা দেওয়া হয়েছে। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেডে পর্যায়ক্রমে সিনেমাটি মুক্তি পাবে।

নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের জন্য ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।

অস্ট্রেলিয়ায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে পথ প্রোডাকশন। পাশাপাশি উত্তর আমেরিকা ও ইউরোপসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশেও চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বনলতা সেন’ চলচ্চিত্রটি গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বর্তমানে দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে।