নিজ সংবাদ:
দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীন ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন মোট ১৮৫টি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য ফলাফল এসেছে। বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি দুর্বল ফলাফলের কারণ চিহ্নিত করতে নিয়মিত পরিদর্শন ও মনিটরিং জোরদার করা হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে রেমিডিয়াল বা ক্যাচ-আপ শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে ফলাফলের ধারাবাহিক মূল্যায়ন ও তদারকি অব্যাহত রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন ধারাবাহিকভাবে শূন্য পাসের অবস্থায় না থাকে এবং দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
