খুলনায় মসজিদের ভেতরে গুলি

ফজরের নামাজ শেষে আহত ২ মুসল্লি

বুধবার, জুন ২৪, ২০২৬

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে লোকমান হোসেন ও আলম নামে দুই ব্যক্তি আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি মসজিদে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। হামলার সময় লোকমান হোসেন কোরআন তেলাওয়াত করছিলেন বলে জানা গেছে।

গুলিতে লোকমানের শরীরে চারটি এবং আলমের হাতে একটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় লোকমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকমান হোসেনকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তবে এলোপাতাড়ি গুলির কারণে আলমও আহত হন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।