ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপ শুরুর আগেই জার্সি নিয়ে বিপাকে পড়েছে মিসর জাতীয় ফুটবল দল। আফ্রিকা কাপ অব নেশন্সে সাতবার চ্যাম্পিয়ন হওয়ায় তাদের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করা হলেও এবার তা সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা।
ফুটবলে সাধারণত জাতীয় দলের জার্সিতে থাকা তারকা বিশ্বকাপ জয়ের সংখ্যা নির্দেশ করে। ব্রাজিলের জার্সিতে পাঁচটি, জার্মানি ও ইতালির জার্সিতে চারটি এবং আর্জেন্টিনার জার্সিতে তিনটি তারকা রয়েছে। কিন্তু বিশ্বকাপে কখনো শিরোপা না জেতা মিসরের জার্সিতে সাতটি তারকা থাকায় আপত্তি তোলে ফিফা।
ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলে জার্সিতে কোনো অতিরিক্ত তারকা ব্যবহার করা যাবে না। ফলে আফ্রিকান ফুটবলে সবচেয়ে সফল দলগুলোর একটি হলেও মিসরকে বিশ্বকাপের জন্য জার্সির নকশা পরিবর্তন করতে হচ্ছে। এছাড়া খেলোয়াড়দের জার্সির নম্বরের রঙ নিয়েও আপত্তি জানিয়েছে ফিফা। সোনালি রঙের পরিবর্তে সাদা রঙ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নম্বরগুলো আরও স্পষ্টভাবে দেখা যায়।
উল্লেখ্য, এর আগে রাজনৈতিক বার্তার অভিযোগে হাইতির জার্সিতেও পরিবর্তনের নির্দেশ দিয়েছিল ফিফা। এবারের বিশ্বকাপে মিসর ‘সি’ গ্রুপে ইরান, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে। তাদের প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে।
