কোটি-কোটি টাকা নিয়ে ঘুরেছে আদ-দ্বীন, কোন লাভ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রতিষ্ঠান প্রভাব বা অর্থের জোরে অনিয়ম আড়াল করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, কোটি কোটি টাকা ব্যয়ের চেষ্টা সত্ত্বেও আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি।

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে কাজ করছে এবং সরকারি সেবা পেতে জনগণকে আর ঘুষ দিতে হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে জনগণের কল্যাণে সততার সঙ্গে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘পাইলটিং স্কিম’ চালুর পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজনে রোগীদের হাসপাতালে পাঠানো হবে। এতে সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া চীনের সহযোগিতায় ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ দেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে।