আর্থিক প্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক নিয়োগ: অর্থমন্ত্রী

পুঁজিবাজারে সংস্কারের বার্তা

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের পুঁজিবাজারকে পুনর্গঠনের লক্ষ্যে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে নতুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়েছে, যেখানে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে পেশাদার ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ রাখা হবে না। তিনি জানান, দক্ষ, সৎ ও অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে আর্থিক খাত পরিচালনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে যোগ্য ও নিরপেক্ষ পেশাদার খুঁজে পাওয়া সহজ নয় বলেও তিনি উল্লেখ করেন।

আমির খসরু বলেন, গত দেড় দশকের বিভিন্ন নীতিগত দুর্বলতা ও অনিয়মের কারণে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত বড় ধরনের খেলাপি ঋণের চাপে পড়েছে। এর প্রভাব এখন জাতীয় অর্থনীতিতেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

তিনি জানান, চলতি বাজেটে সুদ পরিশোধ বাবদ প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে, যা সরকারের রাজস্ব সক্ষমতাকে সংকুচিত করছে। ফলে স্বাস্থ্য, শিক্ষা এবং মৌলিক অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে হলে পুঁজিবাজারকে আরও কার্যকর, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলতে হবে। এজন্য আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং পেশাদার নেতৃত্ব নিশ্চিত করার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।