আত্মবিশ্বাসে টইটম্বুর মরক্কো অধিনায়ক হাকিমি

ব্রাজিলকে সমীহ

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল মরক্কো। এবার বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি ব্রাজিলের প্রতি গভীর সম্মান প্রকাশ করেন। অনেকেই বর্তমান ব্রাজিল দলকে আগের মতো শক্তিশালী মনে না করলেও হাকিমির দৃষ্টিতে সেলেসাওরা এখনও অন্যতম বড় শক্তি। তিনি বলেন, “ব্রাজিল তো ব্রাজিলই। তারা ফুটবলকে ভালোবাসে, আবেগ নিয়ে খেলে এবং বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।”

এবারের বিশ্বকাপে ব্রাজিলের দায়িত্বে রয়েছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। তার কৌশল নিয়ে মজার মন্তব্যও করেন হাকিমি। তিনি বলেন, “আমি আনচেলত্তিকে অনেক সম্মান করি। তার সব বই পড়েছি। হয়তো এতে আমাদের কিছুটা সুবিধা হবে, কারণ আমি তার সব গোপন রহস্য জানি।”

ম্যাচের সময় তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। তবে গরম আবহাওয়া নিয়ে চিন্তিত নন মরক্কো অধিনায়ক। তার ভাষায়, “আমরা আফ্রিকান, গরম আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত।”

ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মরক্কোর এই আত্মবিশ্বাস ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।