চাঁদপুরে ধরা পড়ল ‘রাজা ইলিশ’

২ কেজির মাছ বিক্রি ১১ হাজার টাকায়

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশের সরবরাহ এখনো সীমিত। অধিকাংশ ক্ষেত্রেই জেলেদের জালে ধরা পড়ছে ছোট আকারের ইলিশ। তবে এরই মধ্যে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিরল ‘রাজা ইলিশ’, যা স্থানীয় মাছ বাজারে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

শুক্রবার (১৩ জুন) সকালে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির ইলিশটি নিয়ে আসেন কয়েকজন জেলে। পরে শান্তিপিস আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মৎস্য ব্যবসায়ী মিরাজ হোসেন জানান, মাছটির দাম নির্ধারণ করা হয় প্রতি মণ ২ লাখ ১১ হাজার টাকা হিসেবে। সেই হিসাবে রাজা ইলিশটি ১১ হাজার ৭৫ টাকায় বিক্রি হয়েছে। পরে স্বল্প লাভে সেটি ১১ হাজার ৩০০ টাকায় বিক্রির জন্য রাখা হয়েছে।

তিনি বলেন, বড় আকারের এসব ইলিশকে জেলেরা ‘রাজা ইলিশ’ নামে চেনেন। চাঁদপুর অঞ্চলে এ ধরনের মাছ খুব কম ধরা পড়ে, তাই এগুলো বাজারে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

চাঁদপুর বড় স্টেশন মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে নদীতে মাছের সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম তুলনামূলক বেশি। তবে সাগরে মাছ ধরা শুরু হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে বাজারে সরবরাহ বাড়বে এবং ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করা হচ্ছে।