খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নগরের ময়লাপোতা মোড়সংলগ্ন হাসপাতালটির বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন বেজমেন্টের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে ১২টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, “আগুন এখনো বেজমেন্টের মধ্যেই রয়েছে, উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি।”

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।