নিজ সংবাদ:
পাবনার একটি স্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে তামজিদ (১০) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত তামজিদ পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন বিরতির পর সকাল ১০টা ২০ মিনিটে ক্লাস শুরু হয়। ক্লাস চলার সময় সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে তামজিদের মাথার ওপর পড়ে। এতে সে আহত হলে শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
