নিজ সংবাদ:
দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত ১২ জুন দুবাই পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে তার গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইর আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশ, আন্তর্জাতিক সমন্বয় এবং বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে এনসিবি ঢাকা। একই সঙ্গে দুদক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা-সংক্রান্ত নথি ও গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর কূটনৈতিক মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশ পুলিশের একটি প্রতিনিধিদল দুবাই গিয়ে তাকে দেশে ফিরিয়ে আনবে।
স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে বাংলাদেশ পুলিশের জন্য “ঐতিহাসিক সাফল্য” উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার বার্তা যাবে এবং প্রমাণ হবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অতীতেও ইন্টারপোল ও কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাই বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সরকার আশাবাদী।
