প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ১

মাদক পাচারের সন্দেহ

বুধবার, জুন ১৭, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযানের ওপর অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত এ অভিযানে একজন নিহত হয়েছেন এবং আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মার্কিন দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযানটি পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করার পর অভিযান চালানো হয়।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল। অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে সামরিক বাহিনী। বিবৃতিতে নিহত ব্যক্তিকে ‘নার্কো-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নৌযানে থাকা আরও দুই ব্যক্তিকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।

সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। তবে নৌযানটির অবস্থান, জাতীয়তা এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।