রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

যুক্তিতর্ক শেষ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। আদালত আগামী ৭ জুন এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু শুনানি পরিচালনা করেন। বেলা ১টা ৩৬ মিনিটে যুক্তিতর্ক শেষ হলে আদালত রায়ের জন্য ৭ জুন তারিখ নির্ধারণ করেন।

এদিন সকাল থেকেই আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধান আসামি সোহেল রানাকে সকাল ৯টার দিকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয় এবং পরে আদালতে হাজির করা হয়। অপর আসামি স্বপ্না আক্তারকে অসুস্থতার কারণে হাসপাতাল থেকে আদালতে আনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ১৯ মে পল্লবীর একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা পালিয়ে গেলেও সেদিনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়। পরে শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির বিচারকাজ দ্রুত সম্পন্ন হয়। ১ জুন আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর শিশুটির বাবা-মাসহ ১০ জন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

তদন্ত চলাকালে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পরে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি ‘ডলার’ নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও পুলিশি তদন্তে এমন কোনো ব্যক্তির নাম উঠে আসেনি। আসামিপক্ষের আইনজীবীও আদালতে জানান, তাদের কাছে ডলার নামের ব্যক্তির বিষয়ে কোনো তথ্য নেই।

সব প্রক্রিয়া শেষে এখন বহুল আলোচিত এই মামলার রায়ের অপেক্ষায় রয়েছে দেশবাসী।