এবার পাইরেসির কবলে রকস্টার

বুধবার, জুন ২৪, ২০২৬

বিনোদন ডেস্ক:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির পর প্রত্যাশিত সাড়া না পাওয়ার মধ্যেই এবার পাইরেসির শিকার হয়েছে ছবিটি। মুক্তির এক সপ্তাহ পার না হতেই সিনেমাটির পূর্ণাঙ্গ কপি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

গেল রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত বিগ বাজেটের ‘প্রিন্স’ সিনেমা বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় কোরবানির ঈদে ‘রকস্টার’ ঘিরে ছিল দর্শক ও নির্মাতাদের বড় প্রত্যাশা। তবে মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এবং ব্যবসায়িক দিক থেকেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। মিউজিক্যাল ঘরানার সিনেমা হওয়া সত্ত্বেও এর কোনো গান দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি।

এমন পরিস্থিতিতে দেশের বাইরে ছবিটি মুক্তির মাধ্যমে নতুন আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু তার আগেই পাইরেসির ঘটনা নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্ক্রিনশটে দেখা গেছে, একাধিক গ্রুপ ও লিংকের মাধ্যমে অবৈধভাবে সিনেমাটি শেয়ার করা হচ্ছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্রপ্রেমী ও সিনেমা-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক আজমন রুশো কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আজমন রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জাহিদ নিরব, পান্থ কানাই, কাজী সাবির, রোজী সিদ্দিকী ও দিলারা জামান।