তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

ব্যাংক খাতে উদ্বেগ বাড়ছে

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা আরও বেড়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি ৫০ লাখ টাকা, যা আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। এটি বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬১টি তফসিলি ব্যাংকে মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি ৯২ লাখ টাকা, যা সে সময় মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ ছিল। অর্থাৎ মাত্র এক প্রান্তিকের ব্যবধানে খেলাপি ঋণের হার ১ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রকৃত খেলাপি ঋণের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বরের তুলনায় তিন মাসে প্রকৃত খেলাপি ঋণ বেড়েছে ১৯ হাজার ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা। ফলে মার্চ শেষে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১০৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩০ দশমিক ৯২ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি ব্যাংকিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জরুরি।