নিজ সংবাদ:
মামলাজট নিরসনে হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ২ হাজার ৪২৫টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ক্রিমিনাল মোশন বেঞ্চে ১ হাজার ৮৮৪টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৫৪১টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় বৃহস্পতিবার বিভিন্ন বেঞ্চে উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে।
বিশেষ এই কার্যক্রম শুরু হওয়ার পর গত চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। এতে বিচারব্যবস্থায় দীর্ঘদিনের মামলা জট কমাতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার জট কমানো এবং বিচারিক কার্যক্রমে গতি আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারব্যবস্থার দক্ষতা বাড়াতে এবং দীর্ঘসূত্রতা কমাতে পুরাতন মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
