সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না বিরোধীদল

কমিটি গঠনের সময় ওয়াকআউট

মঙ্গলবার, জুলা ১৪, ২০২৬

নিজ সংবাদ:

সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। সোমবার (১৩ জুলাই) রাতে কমিটি গঠনের ঘোষণা দেওয়ার সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী কমিটিতে ১৭ জন সদস্য থাকার কথা থাকলেও বিরোধীদল সদস্যদের নাম প্রস্তাব না করায় আপাতত ১২ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। পরে বিরোধীদল নাম দিলে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানানো হয়।

তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদের ভূমিকা উপেক্ষা করে পৃথক বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় রাত ৯টা ২৩ মিনিটে বিরোধীদলের সদস্যরা প্রতিবাদস্বরূপ সংসদ থেকে ওয়াকআউট করেন।

এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। গত ২৯ এপ্রিল সংসদে তিনি সরকারি দল ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ১২ জন এবং বিরোধীদলের পক্ষ থেকে ৫ জনের নাম প্রস্তাব করার আহ্বান জানান। সে সময় ডা. শফিকুর রহমান পরে সিদ্ধান্ত জানাবেন বলে সংসদকে অবহিত করেন।

পরবর্তীতে সংসদের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিরোধীদল এই বিশেষ কমিটিতে কোনো সদস্যের নাম দেবে না।