ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

মঙ্গলবার, জুলা ১৪, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন সচল করার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী বেশ কয়েকটি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, একতা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে কাজ করছে। লাইনচ্যুত হওয়ার কারণ তদন্ত করে দেখা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, উদ্ধার কাজ দ্রুত শেষ করে স্বল্প সময়ের মধ্যেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে। এদিকে যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।